২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কারখানার নিরাপত্তা রক্ষী খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাসদাইর পুলিশ লাইন এলাকায় একটি স্ক্রিন প্রিন্টিং কারখানার এক নিরাপত্তা রক্ষীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাসদাইর পুলিশ লাইন এলাকায় একটি স্ক্রিন প্রিন্টিং কারখানার এক নিরাপত্তা রক্ষীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত নিরাপত্তারক্ষী আবদুল মালেক (৪৫) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার সাংবাদিকদের জানান, মালেক 'মাদার কালার থ্রেড প্রিন্টিং' কারখানায় দুই বছর ধরে কাজ করছিল। রোববার দিবাগত রাত ১০টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার পর কারখানার একটি কক্ষে ঘুমাতে যায় মালেক। সকাল ১০টার দিকে শ্রমিক সালেহা ও সাবিহা এসে প্রতিষ্ঠানের গেইট খোলা দেখতে পায়। তারা ভেতরে ঢুকে মেঝেতে মালেকে গলা কাটা লাশ দেখতে পায়। ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের শ্রমিক মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এটি ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা নয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। প্রতিষ্ঠানের অংশীদার রুবেল আহমেদ সাংবাদিকের জানান, ক্যাশ বাক্স থেকে ৮৭ হাজার টাকা খোয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৩ ঘ.