ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে সূত্রাপুর থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল হক ও কনস্টেবল জাহাঙ্গীর আলম।
সোমবার সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ মার্চ সূত্রাপুরের আরএন দাস লেনে সন্ত্রাসীদের গুলিতে আনসার সদস্য আনিসুর রহমান নিহত হন। ওই সময় এই দুই পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, "ওই সময় সন্ত্রাসীরা আনিসুরকে গুলি করার পর মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। অথচ দায়িত্বরত দুজন তাদের আটকে কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ওয়ারি অঞ্চলের মহানগর পুলিশ কমিশনার দুজনকে সাময়িক বরখাস্ত করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২০৮ ঘ.
bdnews24