২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল কর্মচারীদের ধর্মঘট অব্যাহত

চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অস্থায়ী কর্মচারীদের অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অস্থায়ী কর্মচারীদের অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। রোববার সকাল ১০টা থেকে ইস্কাটন রোডে বিটিসিএল কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি শুরু করে। অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মশিউর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তারা বিটিসিএল কার্যালয়ের ভেতরেই অবস্থান করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি। তিনি বলেন, ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৮৫৭ জন অস্থায়ী কর্মচারী বিটিসিএলের বিভিন্ন পদে কাজ করছে। এদের বেতন দেড় হাজার থেকে পাঁচ হাজার ২০০ টাকা পর্যন্ত। একই দাবিতে এর আগেও কর্মবিরতি, বিক্ষোভ-সমাবেশ পালন করলেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আবারো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন মশিউর। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান এ ব্যাপারে রোবাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (কর্মচারী) বিটিটিবির অধীনে নিয়োগ পেয়েছিলো। পরে বিটিটিবি কোম্পানিতে রূপান্তরিত হওয়ায় তাদের স্থায়ীকরণ নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমানে এতোগুলো পদে নিয়োগ দেওয়ার সামর্থ্য কোম্পানির নেই।" কোম্পানির নতুন অর্গানোগ্রাম তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এটি হওয়ার পর অস্থায়ী কর্মচারীদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১০১৭ ঘ.