২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর জামিন নাকচের পর এজলাস ভাংচুর

একটি প্রতারণা মামলার আসামি এক আইনজীবীর জামিন নাকচ হওয়ার পর এজলাস ভাংচুর করেছে তার সহকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি প্রতারণা মামলার আসামি এক আইনজীবীর জামিন নাকচ হওয়ার পর এজলাস ভাংচুর করেছে তার সহকর্মীরা। রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এম এ সালামের এজলাসে এ ঘটনার পর আদালত পাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়। কোতোয়ালি থানার পুলিশ এজলাসের চারপাশে অবস্থান নেয় এবং ভাংচুর করা জিনিসপত্রের ভিডিও চিত্র ধারণ করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজলাস ভাংচুরের ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে মামলা হতে পারে। একটি হুমকির মামলায় সই জাল করার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সদস্য নূরুল ইসলামের বিরুদ্ধে প্রতরাণার এই মামলা হয়। রোববার তিনি এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা জানান, সমিতির একজন সাবেক সাধারণ সম্পাদকসহ ৪০/৫০ জন আইনজীবী নূরুল ইসলামের জামিনের আবেদনের শুনানি করতে গেলে বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, এতো আইনজীবী কি মিছিল করার জন্য এসেছেন? আদালত তো রাজনৈতিক ময়দান নয়। আইনজীবীরা এর প্রতিবাদ করেন। পরে বিচারক আসামির জামিনের আবেদন নাকচ করলে বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসের চেয়ার টেবিল ভাংচুর শুরু করেন এবং মামলার দৈনিক দিনলিপি, তালিকা খাতাসহ নথিপত্র ছুঁড়ে ফেলে দেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামীকাল (সোমবার) বিকাল ৪টায় মুখ্য মহানগর হাকিম, মহানগর দায়রা জজ ও আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা এ বিষয়ে আলোচনায় বসবেন। নূরুল ইসলামের আইনজীবী খোরশেদ আালম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি হুমকির মামলায় প্রতিপক্ষের জমা দেওয়া লিখিত জবাবে নূরুল ইসলাম আইনজীবী হিসাবে সই করেন। কিন্তু মামলার বাদি আদালতে অভিযোগ করেন, নূরুল একজন প্রতিপক্ষের নামেও নিজে সই করে দিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হস্তলেখা বিশারদ এ ব্যাপারে তদন্তের পর জানান, স্বাক্ষরটি জাল। এ ঘটনায় আইনজীবী নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে শুধু নূরুল ইসলামকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারক প্রতারণার সঙ্গে জালিয়াতির ধারাও যুক্ত করেন তার বিরুদ্ধে। এজলাস ভাংচুরের বিষয়ে জানতে চাইলে খোরশেদ দাবি করেন, জামিন আবেদন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এজলাস থেকে চলে আসেন। ফলে ভাংচুরের বিষয়ে তিনি কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০০৩ ঘ.