চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করতে আগামী ১৬ এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ।
এরই অংশ হিসেবে মিটারে নতুন ভাড়ার হিসাব সংযোজন করা হয়েছে কি না, রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তা দেখতে শুরু করেছে পুলিশ। আগামী শুক্রবার পর্যন্ত এ নজরদারী চলবে।
এ লক্ষ্যে গত বৃহস্পতি ও শনিবার দুই দফায় সিএনজি চালক, মালিক, মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান ও বিআরটিএ'র সঙ্গে বৈঠক করে ট্রাফিক বিভাগ।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকাল থেকে ক্যালিব্রেশনবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যেসব অটোরিকশায় এ ধরনের মিটার নেই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।"
মিটারে ক্যালিব্রেশনের মাধ্যমে কোন দূরত্বে কত ভাড়া হবে তা নির্ধারণ করা হয়। মহানগরে চলাচলকারী প্রায় ১৩ হাজার সিএনজি অটো রিকশার মিটার ক্যালিব্রেশনের শেষ সময় ছিলো শনিবার।
নতুন নিয়মানুসারে সিএনজি অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া হবে ২৫ টাকা। আগে এ ভাড়া ছিলো ১৪ টাকা। প্রথম দুই কিলোমিটারের পর পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৬ টাকার পরিবর্তে ৭ টাকা করা হয়েছে।
নতুন নীতিমালা অনুসারে মালিকদের দৈনিক জমার পরিমাণ ৪৫০ টাকার পরিবর্তে ৬০০ টাকা করা হয়েছে।
গত বছর ৪ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের প্রথম দিন থেকে চট্টগ্রামে এই ভাড়া কার্যকর করার কথা থাকলেও নতুন মিটার বসাতে দেরি হওয়ায় তা পিছিয়ে ১ মার্চ করা হয়। কিন্তু ১ মার্চেও তা বাস্তবায়ন না হওয়ায় ১৬ এপ্রিল থেকে নতুন ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24