বরিশাল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টার অভিযোগ এনে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ঝালকাঠীর এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের মা হেনুয়ারা বেগম।
রোববার ঝালকাঠীর বিচার বিভাগীয় হাকিম নুসরাত জাহানের আদালতে মামলাটি করেন তিনি।
বিচারক অভিযোগ আমলে নিয়ে রাজাপুর থানার ওসি তোফাজ্জল হোসেনকে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
হেনুয়ারার আইনজীবী নাসিমুল হাসান সাংবাদিকদের বলেন, লিমনের মা তার ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন র্যাবের বিরুদ্ধে। মামলায় ছয় র্যাব সদস্যের পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরো ছয় জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- র্যাব-৮ এর উপসহকারী পরিচালক লুৎফর রহমান, কর্পোরাল মাজহারুল ইসলাম, কনস্টেবল আব্দুল আজিজ, নায়েক মোক্তাদির হোসেন ও প্রহ্লাদ চন্দ্র এবং সৈনিক কার্তিক কুমার বিশ্বাস।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে র্যাবের অভিযানের সময় গুলিবিদ্ধ হন লিমন। পায়ে গুলি লাগায় লিমনের এবার এইচএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না।
লিমনের অভিযোগ, তাকে ধরে নিয়ে গুলি করা হয়েছে। তবে র্যাবের দাবি, লিমন এক সন্ত্রাসীর সহযোগী।
পড়াশোনার পাশাপাশি ইটভাটার শ্রমিক লিমন এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে গিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
লিমনের আগেও নিরীহ অনেককে গুলি করার অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ বাহিনী র্যাবের বিরুদ্ধে।
র্যাবের ভূমিকা নিয়ে দেশে-বিদেশে মানবাধিকার সংগঠনগুলোও সমালোচনায় মুখর। তাদের অভিযোগ, র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24