২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপ্রযুক্তি ব্যবহারে সতর্কতার পরামর্শ প্রধানমন্ত্রীর

আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার যেন জীববৈচিত্র্য ধ্বংস না করে সে জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীজ নিয়ে কৃষককে প্রতারণার হাত থেকে রক্ষার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার যেন জীববৈচিত্র্য ধ্বংস না করে সে জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীজ নিয়ে কৃষককে প্রতারণার হাত থেকে রক্ষার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সার্ক সিড কংগ্রেস ও মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "কৃষিতে এমন কোনো প্রযুক্তি চালু করা ঠিক হবে না, যা আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দেয়। আমাদের মনে রাখতে হবে, বেশির ভাগ চাষীই ক্ষুদ্র ও প্রান্তিক। প্রযুক্তি প্রয়োগের সময় তাদের স্বার্থের কথাটি সবার আগে বিবেচনায় রাখতে হবে।" "উন্নত বীজ ও প্রযুক্তি গ্রহণের মাধ্যমে আমাদের খাদ্য নিরাপত্তা তৈরি করতে হবে। তবে এসব গ্রহণের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের ঐতিহ্যগত জীববৈচিত্র, কৃষক ও পরিবেশ- সবকিছু বিবেচনায় রাখতে হবে", বলেন তিনি। ভালো বীজ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু ফলন ভালো হলেই ভালো বীজ হয় না। ভালো বীজ সেগুলো, যেগুলো থেকে ফলনের জন্য জ্বালানি ও বালাইনাশক কম লাগে। বীজের ওপর কৃষকের অধিকার রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন, "অতি মুনাফার লোভে বীজকে কেন্দ্র করে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ কিংবা নিম্ন মানের বীজ দিয়ে কৃষককে প্রতারিত করা হচ্ছে।" কৃষককে প্রতারণার হাত থেকে রক্ষা করতে বীজ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এক সময় আমাদের দেশে হাজার হাজার প্রজাতির ধান ছিলো। স্বাদে-গন্ধে-বর্ণে সেগুলো ছিল বৈচিত্র্যময়। ফলন কম হওয়ায়, সময়ের বির্বতনে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে।" এসব প্রজাতিকে উচ্চ ফলনশীল প্রজাতিতে রূপান্তর করা যায় কি না তা নিয়ে কৃষি বিজ্ঞানীদের গবেষণা করার আহ্বান জানান হাসিনা। এসব ধানের প্রজাতি যাতে একেবারে হারিয়ে না যায়, সেজন্য এগুলোর জিন সংরক্ষণ করা প্রয়োজন বলে মত দেন তিনি। কৃষিজমি ক্রমাগত কমে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "শিল্পায়ন, বসতবাড়ি নির্মাণ, নদী ভাঙন প্রভৃতি কারণে প্রতিবছর ১ লাখ হেক্টর ফসলি জমি কৃষির আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। সঙ্কুচিত হচ্ছে আবাদি জমির পরিমাণ। এ জন্য কম জমিতে বেশি ফসল উৎপাদন করতে হবে।" পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। "এ দৃষ্টিকোণ থেকে গত সার্ক সম্মেলনে আমি সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছি। তা প্রতিষ্ঠিত হলে বীজ আদান-প্রদান সহজ হবে", বলেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার সচেষ্ট বলে হাসিনা জানান। এ জন্য সারসহ সব কৃষি উপকরণের দাম কমানো, কৃষি ঋণ পাওয়া সহজ করার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষি সচিব সি কিউ কে মুস্তাক, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুব আনাম, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের মহাপরিচালক (বীজ উইং) উইলিয়াম ট্রান্ট বোলে, ভারতের কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর যুগ্ম পরিচালক মালবিকা দাদলানি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ উইং) আনোয়ার ফারুক। সার্ক সিড কংগ্রেস ও মেলা চলবে ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন ধরনের বীজসহ কৃষি উপকরণ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কৃষি ও বীজ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনারও হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬১২ ঘ.