ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারীতে হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীদের নিক্ষিপ্ত হাতবোমার বিস্ফোরণে এক কলেজছাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারীর নবাব স্ট্রিটে এ ঘটনা ঘটে।
আহত কলেজছাত্রী পিংকি আক্তার (১৮) ঢাকা মহনগর মহিলা কলেজের ফিন্যান্স প্রথম বর্ষের ছাত্রী বলে জানান তার ছোট বোন সুমী।
পিংকি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ওই সময় সূত্রাপুরের নারিন্দার বাসা থেকে নবাব টাওয়ারে টিউশনিতে যাচ্ছিলেন। হঠাৎ শব্দ হওয়ার পর দেখেন তার পোশাক রক্তে ভিজে গেছে।
হাতবোমায় পিংকির বাম পা ও হাঁটুর নিচে জখম হয়েছে।
তবে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছেন কি না তা তিনি নিশ্চিত নন।
পথচারীরা পিংকিকে প্রথমে সালাউদ্দিন হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবাব স্ট্রিটে প্রায়ই এ ধরনের ধরণের ঘটনা ঘটে।
"ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।"
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২১৩ ঘ.
bdnews24