২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘাপতিয়া বিদ্যালয়ে জ্ঞান হারালো অর্ধশতাধিক ছাত্রী

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে প্রায় একই সময়ে অর্ধশতাধিক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নাটোর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে প্রায় একই সময়ে অর্ধশতাধিক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে তিন জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের একজন ছাত্রীর আত্মহননের ঘটনায় এই ছাত্রীরা মানসিকভাবে ভেঙ্গে পড়ে এভাবে জ্ঞান হারায় বলে শিক্ষকরা জানান। বিদ্যালয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে অ্যাসেম্বলি শুরু হয়। এ সময় হঠাৎ চার-পাঁচজন ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। শিক্ষকরা দ্রুত তাদের শুশ্র"সা শুরু করেন। এদিকে একইভাবে আরো কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। এ পরিস্থিতিতে শরীরচর্চা শিক্ষক আনোয়ার হোসেন অ্যাসেম্বলি সংক্ষিপ্ত করে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে বসার নির্দেশ দেন। ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে যাওয়ার পর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারিয়ে ফেলতে থাকে। অল্প সময়ের মধ্যেই চল্লিশ জনেরও বেশি ছাত্রী জ্ঞান হারায়। শিক্ষকরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হওয়ায় তিন ছাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মজিবর রহমান ওই বিদ্যালয়ে যান। এরপর বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মমতাজ খাতুন আত্মহত্যা করায় তার সহপাঠিরা শোকগ্রস্ত ছিল। সাপ্তাহিক ছুটি শেষে শনিবার ছাত্রীরা সবাই স্কুলে একত্রিত হওয়ার পর মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় এ ঘটনা ঘটে।" এ ব্যাপারে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, "বিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যার কারণে ছাত্র ছাত্রীরা মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছিল।" নাটোর ব্রজসুন্দরী সরকারি চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ জানান, এটা অজ্ঞাত কোন রোগ নয়, মাস সাইকোজেনিক ইল্নেস। সামান্য বিশ্রামেই বেশিরভাগ ছাত্রী সুস্থ্য হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২১ ঘ.