সিরাজগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় জুট মিল, যার আগের নাম ছিলো কওমী জুট মিল।
শনিবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দবাদ ইউনিয়নের চর পঞ্চসোনায় পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিস্থাপন করেন।
৯৬২ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎকেন্দ্রটি ২০১২ সালে উৎপাদনে যাবে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন। কেন্দ্রটি গ্যাস এবং ডিজেলে চলবে।
কেন্দ্রটির উপব্যবস্থাপক প্রকৌশলী কৃষ্ণপদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার জানান, গত বছরের ১২ অক্টোবর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি কোম্পানির চুক্তি হয়।
৭২ একর জায়গা নির্ধারণ করে সেখানে মাটি ভরাট, সীমানা প্রাচীরসহ প্রতিরক্ষা বাধ নির্মাণ সম্পন্ন করতে ইতিমধ্যেই ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, এইচটি ইমাম, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম ও তানভীর শাকিল জয় প্রমুখ।
বিদ্যুৎকেন্দ্রের পর সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি জাতীয় জুট মিল উদ্বোধন করেন।
বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24