মানিকগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করেই ঘন কুয়াশা সৃষ্টি হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে শনিবার সকালে ফেরি চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিলো।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানজট রয়েছে দুই ঘাটেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা-যমুনার আরিচা পয়েন্টে ভোরে হঠাৎ কুয়াশা পড়তে থাকে। ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় কেরামত আলী, খান জাহান আলী, আমানত শাহ্, শাহ্ আলী ও শাহ্ পরান ফেরি পাঁচটি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করে ছিলো। আর পাটুরিয়া ঘাটে তিনটি ফেরি নোঙ্গর করে থাকে।
তিনি জানান, কুয়াশা কেটে গেলে নদীতে নোঙর করা ফেরিগুলো ঘাটে ভেড়ে।
দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে বলেও বিদ্যুৎ কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৪ ঘ.
bdnews24