নওগাঁ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় একটি সরকারি জলাশয় থেকে অন্তত পাঁচলাখ টাকার মাছ লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাতে কবুলপুর গ্রামের ওই জলাশয় থেকে মাছ ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারশো ইউনিয়নের কবুলপুর গ্রামের অধিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাজ হোসেন, আব্দুল আলিম, আনোয়ার হোসেন, আবু তালেব, ইয়াছিন আলী জানান, স্থানীয় যুবক ইসাহাক মণ্ডল, রানা, নাজিমুদ্দিন, ডলার, চান মুন্সি ও সাইফুল ইসলামসহ ২০/২৫ এ লুটপাট চালায়।
তারা জানান, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার গভীর রাতে কবুলপুর গ্রামের ৭ একর আয়তনের সরকারি জলাশয় থেকে শতাধিক মণ মাছ লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রায় ৪৫ মণ মাছ একটি মিনিট্রাকে করে নিয়ে যাওয়র সময় হোসেনপুর গ্রামের লোকজন আটক করলে তারা ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে আবার লোকজন নিয়ে এসে ট্রাকটি নিয়ে যায়।
শুক্রবার সকালে গ্রামের লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসিকে জানায়।
সন্ধ্যায় ইউএনও মুন্সি মনিরুজ্জামান বলেন, জলাশয়টি সরকারি কিনা তা যাচাইয়ের জন্য তিনি ঘটনাস্থলে একজন সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করিয়েছেন।
এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত রিপোর্ট থানায় পাঠানো হয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে, বলেন তিনি।
এ ব্যাপারে মান্দা থানার ওসি এ. কে. এম. খালেকুজ্জামান জানান, এ ব্যাপারে তাকে কেউ কিছুই জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24