ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপির দাবি, পুলিশ বিনা উস্কানিতে তাদের সমাবেশের ওপর হামলা চালিয়ে নেকাকর্মীদের আহত করেছে। অন্যদিকে পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে ইট পাটকেল ছোড়ায় ঘটনার সূত্রপাত হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে কেরানীগঞ্জের শিকারি টোলা এলাকায় শাক্তা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ তাদের রাস্তা ছেড়ে সমাবেশ করার অনুরোধ জানালে তারা সরেও যায়। কিন্তু সমাবেশ শুরুর পরপরই নিজেদের মধ্যে গণ্ডোগোল শুরু হলে বিএনপি কর্মীরা রাস্তা অবরোধ করে।
এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে বলে আমিনুল ইসলাম বাহার জানান।
এর পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি কর্মীরা।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আমান উল্লাহ আমান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কর্মী সমাবেশ শুরু হওয়ার পরপরই পুলিশ তাদের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে বহু নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন আমান।
রাত ৯টার দিকে কেরানীগঞ্জ থানার বিএনপির যুগ্ন আহ্বায়ক শরিফ মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে আমাদের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।"
এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পলও আহত হন বলে শরিফ জানান। তিনি অভিযোগ করেন, পুলিশ পরে বিভিন্ন নেতা-কর্মীর বাড়ি বাড়ি গিয়ে তাদের আটক করে।
অভিযোগ অস্বীকার করে কেরানীগঞ্জ মডেল থানার সার্কেল এএসপি মো.ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় পুলিশের 'কয়েকজন' সদস্য আহত হয়েছেন।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে কেরানীগঞ্জের ঘটনার প্রতিবাদে রাতে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই 'পুলিশি হামলার' নিন্দা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এসএম/জেকে/২০২৮ ঘ.
bdnews24