মাদারীপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় চাচাত ভাইয়ের মারধরে অসুস্থ এক কলেজ ছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ মার্চ স্বর্ণা খানমকে (১৭) মারধর করে আজিম (২৫)। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
স্বর্ণার বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামে। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
এ ঘটনায় স্বর্ণার বাবা আবদুর রহমান থানায় একটি মামলা করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ মার্চ কাটাকাটির এক পর্যায়ে আজিম বাঁশ দিয়ে পিটিয়ে স্বর্ণাকে গুরুতর আহত করেন।
প্রথমে স্থানীয় চিকিৎসক দিয়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়।
কিন্তু গত মঙ্গলবার (৫ এপ্রিল) খুব জ্বর হলে দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বর্ণার ফুফু ফরিদা বেগম অভিযোগ করেন, স্বর্ণার অবস্থার অবনতি হলে ডাক্তারদের ডাকার পরও তারা আসেননি। বারবার ফোন করার পর ডা. মাহাবুব আবীর আসেন মারা যাওয়ার ১০ মিনিট আগে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুব আবীর বলেন, স্বর্ণাকে মারধর করার কথা আগে তাদের জানানো হয়নি। স্থানীয় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথমে এন্টিবায়েটিক দেওয়া হয়েছিল।
"স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়। চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি ছিল না," বলেন মাহাবুব আবীর।
কালকিনি থানার ওসি একেএম শাহীন মণ্ডল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্বর্ণার চাচাতো ভাই আজিমসহ চারজনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24