চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বখশিস বাড়ানো নিয়ে কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে তিনদিন ধরে খাদ্যশস্য খালাস বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে লাইটারেজে করে চট্টগ্রামের ১৬টি ঘাটে খাদ্যশস্য খালাস করে নগরী ও দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এসব ঘাটে পণ্য খালাসের সঙ্গে যুক্ত তিন থেকে সাড়ে তিন হাজার শ্রমিক।
তিনদিনে নদী-সংলগ্ন ঘাটগুলোতে এবং নদীতে দেড় শতাধিক ছোট জাহাজ পণ্য নিয়ে অলস বসে আছে। এদের অধিকাংশই গমবাহী। একই কারণে মাঝিরঘাট এলাকার প্রায় ছয়শ ট্রাকশ্রমিক কর্মহীন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিকরাও।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে পণ্য খালাসকারী শ্রমিকরা প্রতিটি ট্রাকে পণ্য বোঝাইয়ের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ টাকা করে নিয়মিত বখশিস পেতেন। বর্তমানে শ্রমিকরা আগের চেয়ে দুই থেকে তিন গুণ বখশিস দাবি করছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ঘাট শ্রমিকদের উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী এটলী।
তিনি অভিযোগ করেন, নূরজাহান গ্র"প নামে চট্টগ্রামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমদানি করা গমের ডেলিভারি অর্ডারের (ডিও) বিপরীতে কম পরিমাণে পণ্য এসেছে এমন আশঙ্কায় ক্রেতারা দ্রুত গম খালাস করার চেষ্টা করেন। এজন্য তারা ঘাট শ্রমিকদের অতিরিক্ত বখশিস দিয়ে পণ্য খালাস শুরু করেন।
এই ঘটনার জন্য ব্যবসায়ীদের দায়ী করে এটলী বলেন, এরপর থেকে শ্রমিকরা সব ব্যবসায়ীদের কাছেই দুই থেকে তিনগুণ পরিমাণ বেশি বখশিস দাবি করছে।
"সব ব্যবসায়ী একই হারে অতিরিক্ত বখশিস দিতে রাজি না হওয়ায় ঘাট শ্রমিকরা পণ্য খালাসের কাজ কাজ বন্ধ করে দিয়েছে।"
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) হিসাব মতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পণ্য খালাসের অপেক্ষায় দেড় শতাধিক লাইটারেজ (ছোট জাহাজ) সদরঘাট, মাঝিরঘাট ও বাংলাবাজারের ১৬টি বেসরকারি ঘাটে এবং নদীতে অপেক্ষমাণ।
ডব্লিউটিসি'র নির্বাহী পরিচালক কমডোর নিজাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বখশিস বাড়ানো নিয়ে ঘাটের শ্রমিকরা লাইটারেজ থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছে বলে শুনেছি।
লাইটারেজ জাহাজ খালি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় থাকায় বড় জাহাজের (মাদার ভ্যাসেল) সংখ্যাও বেড়েছে।
নিজাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩২টি মাদার ভ্যাসেল পণ্য নিয়ে অবস্থান করছে।
মাঝিরঘাট এলাকার আনু মাঝির ঘাটের কন্ট্রাক্টর মো. তৈয়ব, মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মুহাম্মদ ইসহাক বলেন, তিনদিন ধরে লাইটারেজ জাহাজ থেকে খালাসের কাজ বন্ধ থাকায় আমাদের চালক-শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/২১২৩ ঘ.
bdnews24