ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের পাঁচ সদস্য পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী সদস্য মোমেন রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রিয়াদ মোমেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদে ২৩ জন সদস্য রয়েছে।
রিয়াদ বলেন, বর্তমান কমিটির অনির্বাচিত সভাপতি সংসদ সদস্য নাসরুল হামিদ ও সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরীর বিরুদ্ধে সদস্যদের স্বার্থ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে উদাসীনতা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে আমরা পদত্যাগ করেছি।
তারা সংগঠনের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজেই সহয়তা করেন না বলেও অভিযোগ করেন তিনি।
"এছাড়া বিভিন্ন উপ-কমিটির আরো ১২ সদস্যও পদত্যাগ করেছেন।"
পদত্যাগকারী অন্য চারজন হলেন- এস এ খালেক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু বকর সিদ্দিক, সেঞ্চুরি রিয়েলটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমজিআর নাসির, ওরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান ও ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খান।
রিহ্যাবের সদস্য শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই অনির্বাচিত।
গত বছরের মার্চ মাসে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়। ওই মাসেই নির্বাচন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এরপর এফবিসিসিআই অন্য একজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিলে তিনিও পদত্যাগ করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পান মো. নুরুল হক। তিনিও নির্বাচন আয়োজন করতে পারেননি।
২০১০ সালে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করলে হামিদকে সভাপতি এবং মুরাদকে সাধারণ সম্পাদক করে এফবিসিসিআই।
বর্তমানে ওই কমিটি তিন মাস পরপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করছেন বলে জানান শামীম আহমেদ।
তিনি বলেন, "গত ১০ মার্চ এফবিসিসিআই'র সালিশ ট্রাইব্যুনালে প্রধান নির্বাচন কমিশনারসহ আরো দুজনকে বিবাদি করে একটি সালিশ ডাকা হয়েছে। এখনো এর শুনানি শেষ হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআই/আরএ/পিডি/২০৫০ ঘ.
bdnews24