সুনামগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউ'র সুনামগঞ্জের ২৫ হাজার গ্রাহক তাদের বিনিয়োগের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আবেদন জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার প্রায় ২৫ হাজার বিনিয়োগকারী প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করে এই কোম্পানিতে।
কিন্তু গত ৩ মাস ধরে কোম্পানি থেকে কোনো মুনাফা না পাওয়ায় গ্রাহকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অনেকে জীবনের সঞ্চিত সব অর্থ এখানে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন বলে জানান।
ইউনিপে টু ইউ অবৈধভাবে ব্যবসা করছে বলে সরকার অভিযোগ করলে গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী সৈয়দ রুমিত পীর, থিমন চৌধুরী, আবদুল কাইয়ুম, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ রুমিত পীর বলেন, ইউনিপে টু ইউ-তে তিনি ৪৬ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু কোম্পানি ৩ মাস ধরে মুনাফা বা মূলধন ফেরত না দেওয়ায় তিনি আতঙ্কিত হয়েছে পড়েছেন।
বিনিয়োগের ৬ লাখ টাকা ফেরত না পেয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান আবদুল কাইয়ুম।
এ ব্যাপারে চট্টগ্রামে অবস্থানকারী ইউনিপে টু ইউ'র সুনামগঞ্জ নেট প্রধান ইফতেখার আহমদ শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২০ ঘ.
bdnews24