গোপালগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম মুন্সি (২৯) কাশিয়ানীর খায়েরহাট গ্রামের রবিউল ইসলাম মুন্সির ছেলে।
কাশিয়ানী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য তৌহিদুল মঙ্গলবার ছুটি নিয়ে কাশিয়ানীতে তার বাড়ির উদ্দেশে রওনা দেন।
তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে পোনায় পৌঁছে বাস থেকে নামার পর ঢাকাগামী একটি নৈশ কোচ তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। এরপরে কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ৬টায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর সেনানিবাসে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০১৮ ঘ.
bdnews24