কুমিল্লা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে ডগস্কোয়াড মোতায়েন করা হচ্ছে।
মঙ্গলবার বর্ডার গার্ড সদস্যরা ৩টি কুকুর নিয়ে কটক বাজার সীমান্তে মহড়া দিয়েছে।
এই ডগস্কোয়াড সীমান্ত এলাকায় লুকিয়ে রাখা মাদক, অবৈধ অস্ত্র বহনকারী ও সন্দেহভাজন চোরাকারবারীদের সনাক্ত করতে সক্ষম হবে।
কুমিল্লার কোটবাড়ির ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডগস্কোয়াডের ৩টি কুকুরের মধ্যে ১টি প্রশিক্ষণপ্রাপ্ত। বাকি ২টিকে কুমিল্লায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কুকুরগুলোকে কমপক্ষে ২ মাস প্রশিক্ষণ দিতে হবে।
তিনি জানান, কুকুরগুলো ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরেই থাকবে। সীমান্তে বিশেষ কোনো অভিযান পরিচালনার সময় এদের ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে ৩টি কুকুর আনা হয়েছে, প্রয়োজনবোধে এর সংখ্যা বাড়ানো হতে পারে।
এছাড়াও এই ডগস্কোয়াড দিয়ে বিভিন্ন যানবাহন, স্থাপনা ও গুদামে অবৈধ মালামালের তল্লাশী চালানো হবে।
মঙ্গলবার দুপুরে ডগস্কোয়াড নিয়ে সীমান্তে মহড়া দেওয়ার সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৩ ঘ.
bdnews24