২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সংঘর্ষ-ভাংচুর নারায়ণগঞ্জে দুই মামলা, গ্রেপ্তার ৪৭ জন কারাগারে

হরতালে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪৭ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪৭ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে সোমবারের হরতালের সময় নারায়ণগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল এবং সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছে পুলিশ। পরে আসামিদের মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। (আরো তথ্যসহ) মঙ্গলবার বিকালে তাদের নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম বেগম আফরোজা বেগমের আদালতে হাজির করে পুলিশ। ওই সময় জামিনের আবেদন নাকচ করে আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম সাংবাদিকদের বলেন, সোমবার হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা, সরকারী কাজে বাধা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপপরিদর্শক (এসআই) ওসমান আলী বাদি হয়ে মামলা দায়ের করেন। এতে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলাটিতে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। এদের মধ্যে ১৪ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি জানান, হরতাল চলাকালে শহরের চাষাঢ়া ও ২ নম্বর রেলগেইট এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধা, জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এসআই সোহেল রানা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার হরতাল চলাকালে ঢাকা-চটগ্রাম মহাসড়ের নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরাস্তা এলাক এবং শহরের চাষাঢ়া এলাকায় হরতাল সমর্থনকারী মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। সংঘর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হয়। ভাংচুর করা হয় কমপক্ষে ১০টি যানবাহন। পুলিশ মহাসড়ক থেকে পিকেটারদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস এবং রবার বুলেট ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/ডিডি/২১১১ ঘ.