ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শেষভাগে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক থেকে রোববার এ পূর্বাভাস দেওয়া হয় বলে আবহাওয়া অধিদপ্তরের আবহওয়াবিদ বজলুর রশিদ জানান।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন কালবৈশাখীর মওসুম। কাজেই যে কোনো সময় ঝড় হতে পারে। এটা অস্বাভাবিক নয়। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে উজানের ঢলের কারণে মাসের শেষভাগে আকস্মিক বন্যার আশঙ্কা থাকছে।"
অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
এ সময় দেশের উত্তর, উত্তরপূর্বাাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪ থেকে ৬ দিন মাঝারী থেকে তীব্র কালবৈশাখী বা বজ্র-ঝড় এবং দেশের অন্যান্য স্থানে ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারী কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে।
চলতি মাসে কয়েকদফা তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা করছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, এই সময়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, গত মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ১৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে ২৮ মার্চ ভারতের মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয় এবং এর বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বি
bdnews24