নারায়ণগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার গোপালদী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রয়াত চান মিয়ার ছেলে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালদী দক্ষিণপাড়া এলাকায় একটি ধানক্ষেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, শফিকুলের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানায় সাতটি হত্যা, চারটি ডাকাতিসহ মোট ৩৮টি মামলা রয়েছে।
আড়াইহাজার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24