২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ক্র্যাপ লোহা হয়ে গেলো মোটর পার্টস

মিথ্যা ঘোষণায় স্ক্র্যাপ লোহার নামে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানির সময় ৬০ টন মোটর যন্ত্রাংশ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

লালমনিরহাট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় স্ক্র্যাপ লোহার নামে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানির সময় ৬০ টন মোটর যন্ত্রাংশ আটক করা হয়েছে। স্ক্র্যাপ লোহার কথা বলে বগুড়ার রাফি ফাউন্ড্রি ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান এসব যন্ত্রাংশ আমদানি করার চেষ্টা করে বলে শুল্ক বিভাগ জানিয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের কর্মকর্তারা জানান, রাফি ফাউন্ড্রি ইন্ডাস্ট্রির মালিক নেয়ামুল ইসলাম গত ২৩ ফেব্র"য়ারি সিঅ্যান্ডএফ এজেন্ট 'সাথী অ্যান্ড শিপিং'- এর মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বগুড়া শাখায় ভারত থেকে ২০ টন স্ক্র্যাপ লোহা আমদানির জন্য এলসি খোলেন। ওই ঘোষণার বিপরীতে ৩১ মার্চ রাতে দুটি ভারতীয় ট্রাকে (ডব্লিউ বি ৭১এ-০৭১০ ও ডব্লিউ বি ৭১৯১৮৬) করে আমদানি নিষিদ্ধ ৬০ টন গাড়ির যন্ত্রাংশ আনা হয়। নথিপত্রে রপ্তানিকারক হিসাবে ভারতের জলপাইগুড়ির উত্তম অ্যান্ড ব্রাদার্সের নাম উল্লেখ করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইসতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে পণ্য পরীক্ষার আগেই ট্রাক দুটি সিঅ্যান্ডএফের গুদামে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই শুল্ক কর্মকর্তারা ট্রাক দুটি আটক করেন। ওসি জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের নির্দেশে সুপারেন্টেডেন্ট আশরাফ আলীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার থেকে কাজ শুরু করেছে। রোববার সকালে তারা ট্রাক দুটি গুদাম থেকে বের করে মালামাল পরীক্ষা করেন। এতে স্ক্র্যাপ লোহার পরিবর্তে প্রায় ৬০ টন গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। এসব যন্ত্রাংশের বাজার দর আনুমানিক দুই কোটি টাকা বলে কর্মকর্তারা জানান। অবশ্য অভিযোগ অস্বীকার করে সিঅ্যান্ডএফ এজেন্ট 'সাথী অ্যান্ড শিপিং'-এর স্বত্ত্বাধিকারী শাহীন শাহ বলেছেন, "আমি একটি মহলের ষড়যন্ত্রের শিকার।" স্থলবন্দরের সহকারী কমিশনার আবুল কালাম আজাদ বলেন, "মিথ্যা ঘোষণা দিয়ে আনা ভারতীয় পণ্য বোঝাই ট্রাক দুটি পরীক্ষা করার আগেই কীভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।" তদন্ত কমিটির প্রধান আশরাফ আলী বলেন, "কাগজপত্র যাচাই করে আমরা ব্যাপক গড়মিল পেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৭৫৬ ঘ.