মাদারীপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের কুলপদ্বী এলাকায় মামাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাগ্নে।
রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মামা লিটন তায়ানী (২৮) মারা যান। তিনি শহরের কুলপদ্বী এলাকার মতলেব তায়ানীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ওসি কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে মামা লিটন তায়ানীর সাথে ভাগ্নে নাসির বেপারীর বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে নাসির বেপারী তার সাথে থাকা একটি ছুরি দিয়ে লিটন তায়ানীর বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি বলে ওসি কায়ুম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬২৯ ঘ.
bdnews24