ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা রক্ষা করে ইলিশ উৎপাদন বাড়াতে পেরে চারটির পর এবার আরো একটি এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শরীয়তপুর জেলায় পদ্মা নদীর নিম্ন-অববাহিকার ২০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণার উদ্যোগ নেওয়ার কথা রোববার জানালেন মৎস্য ও প্রাণীস্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ৪ থেকে ১০ এপ্রিল সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। আগামী ৫ এপ্রিল পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
দেশে বর্তমানে ইলিশের অভয়াশ্রমগুলো হচ্ছে- চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন-অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা।
মন্ত্রী জানান, চার জেলার ২১টি উপজেলার এ ইলিশ অভয়াশ্রমের দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার। এর মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ভোলা জেলার অভয়াশ্রমের ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল এবং পটুয়াখালীর ক্ষেত্রে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইলিশসহ অন্যান্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং খাদ্য সহায়তা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, এর ফলে চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই দেশে ইলিশ ধরা পড়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। বছর শেষে এর পরিমাণ সাড়ে ৩ লাখ টনে উন্নীত হতে পারে।
এর আগের সারা বছরে ইলিশ উৎপাদন ছিলো ৩ লাখ ১৩ হাজার মেট্রিক টন।
চলতি অর্থবছরে ফেব্র"য়ারি পর্যন্ত ৬ হাজার ৮৯৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয়েছে ২৮০ কোটি টাকা। আগের বছর ৩ হাজার ১০৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয় ১২৫ কোটি টাকা। বর্তমান বছরের প্রথম সাত মাসের রপ্তানি আয় আগের বছরের থেকে দ্বিগুণেরও বেশি।
চলতি অর্থবছরে শুধু জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় চার জেলার ২১ উপজেলায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমে পাঁচ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ছয় ৮২৫ জন সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণের কাজ চলছে।
দেশে নয় ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার পর্যন্ত আকারের ছোট ইলিশকে জাটকা বলা হয়। দেশে যে পরিমাণ জাটকা অবৈধভাবে আটক হয়, তার ৩০ শতাংশ রক্ষা করা সম্ভব হলে বছরে ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ইলিশ পাওয়া পেতে পারে।
এজন্য মৎস্য সংরক্ষণ আইনকে আরো যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24