ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মিরপুর থেকে এক বৃদ্ধা খুন হয়েছেন।
শনিবার রাত দেড়টার দিকে মিরপুর এক নম্বরের সি ব্লকের তিন তলার এক বাসার টয়লেট থেকে নুরজাহান (৭০) নামে ওই বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শাহ আলী থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূরজাহানকে ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহত বৃদ্ধা ওই বাসায় একজন গৃহকর্মীকে নিয়ে থাকতেন। তবে হত্যাকাণ্ডের সময় গৃহকর্মী বাসায় ছিলো কি না, তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
নূরজাহানের চার ছেলের মধ্যে তিন জন বিদেশ থাকেন, অন্য জন চট্টগ্রামে ব্যবসা করেন।
এটি ডাকাতির ঘটনা কি না- জানতে চাইলে ওসি বলেন, এখনি কিছু বলা যাচ্ছে না, তবে নিহতের হাতে স্বর্ণের বালা ছিলো যা পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24