মেহেরপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা হামলায় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও আরেকজন কাউন্সিলর গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের হোটেল বাজার এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।
আহতরা হলেন- মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম।
তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরে মিজানুর রহমানের দোকানে বসে এ দু'জন গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে মিজানুর রহমানকে লক্ষ্য করে দুইটি বোমা ছুঁড়ে মারে।
মেহেরপুর সদর হাসপাতালের চিকিৎসক অলক কুমার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, ক্রেতা সেজে হামলাকারীরা দোকানে ঢোকে। হামলা করে তারা শহরের উত্তর দিকের পথ দিয়ে পালিয়ে যায়।
হামলায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তা জানা যায়নি, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪৪ ঘ.
bdnews24