শেখ শাহরিয়ার জামান
ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কোনো একটি' ইস্যুর কারণে ৪০ বছরের আস্থার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক। এর শেকড় অনেক গভীরে। অনেকক্ষেত্রেই দুটো দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
দুটি বন্ধু রাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে ব্যাঘাত না ঘটিয়েও কোনো কোনো ক্ষেত্রে ভিন্নমত পোষণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক বাংলাদেশ সফরে এসে গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে।
তিনি বলেন, "তাকে (ইউনূস) যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রে আমরা (সরকার) খুবই উদ্বিগ্ন। সুশীল সমাজকে উপেক্ষা করে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে (দুই দেশের) সম্পর্কে প্রভাব পড়বে।"
অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলে তাও নাকচ হয়ে যায়। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন।
গওহর রিজভী বলেন, "৪০ বছর ধরে এই দুই দেশের মধ্যে যে আস্থার সম্পর্ক বিরাজ করছে শুধু একটি ঘটনায় তা ধুয়ে-মুছে যাবে- এটি সম্ভব নয়।"
"বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই গণতন্ত্রমনা। বাণিজ্য, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন ক্ষেত্রে এ দুই দেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন", যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার যে চারটি ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে আসছে- বাংলাদেশও এসব ক্ষেত্রে জোড়ালো অংশীদার বলে উল্লেখ করেন গওহর রিজভী।
এই চারটি ক্ষেত্র হলো- বিশ্ব স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও বিশ্ব অঙ্গীকার।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, "নারীর ক্ষমতায়নের মতো সামাজিক বিষয়গুলোতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। এ বিষয়ে মার্কিন প্রশাসনেরও আগ্রহ রয়েছে।"
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরে রিজভী বলেন, "দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানির হার বাড়ছে। বাংলাদেশ বছরে ৪০০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২০১১ ঘ.
bdnews24