নরসিংদী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে গ্রেনেড উদ্ধারের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানের এক সহযোগীকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিতের নাম হোসাইন আহমেদ ওরফে আবু তামিম। তিনি নরসিংদী সুগার মিল মসজিদের ইমাম ছিলেন।
বৃহস্পতিবার নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম আবুল কাশেম তাকে দণ্ডাদেশ দিয়ে মামলার রায় দেন।
২০০৭ সালের ২৯ অক্টোবর রাতে র্যাব নরসিংদীর পলাশ উপজেলার কাউয়াদীর দেশবন্ধু সুগার মিলের কলোনির একটি বাসা থেকে তামিমকে গ্রেপ্তার করে।
পরে তামিমের দেওয়া তথ্যে তার বাসার সামনে মাটি খুঁড়ে একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে এ ঘটনায় পলাশ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
১২ জনের সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার আদালত রায় দিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24