২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে আলীমের জামিন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে কয়েকটি শর্তে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে কয়েকটি শর্তে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বয়স, শারীরিক অবস্থা ও মানবিক দিক বিবেচনা করে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল অশীতিপর এ বিএনপি নেতার জামিন মঞ্জুর করে। ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় আদালত এ জামিন দেয়। যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পেলেন। সাবেক সংসদ সদস্যকে দেওয়া জামিনের শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমকে তার পাসপোর্ট ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে জমা দিতে হবে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো ধরণের বক্তব্য দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। আলীমকে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার কাজে সহযোগিতা করতে হবে। ট্রাইব্যুনাল কর্তৃক নির্দেশিত সময়গুলোতে হাজির হতে হবে। মোবাইল ফোন ব্যবহার করলে, নম্বর ট্রাইব্যুনালের কাছে জমা দিতে হবে। জামিনের সুযোগের কোনো ধরনের অপব্যবহার করা যাবে না। শর্ত ভাঙলে তাৎক্ষণিকভাবে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে বলেও ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে। আলীমকে জামিন দিয়ে আগামী ২৮ এপ্রিল তার পরবর্তী হাজিরার দিন ঠিক করে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি হয়। জামিনের আদেশে সন্তোষ প্রকাশ করে তাজুল সাংবাদিকদের বলেন, "এ রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। এর মাধ্যমে ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। আদালত মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যুগান্তকারী আদেশ দিয়েছে।" প্রক্রিয়া সেরে সন্ধ্যার মধ্যে আলীম মুক্তি পাবেন বলে জানান তিনি। আলীমের এ জামিন তদন্ত প্রভাবিত করবে কি-না সাংবাদিকদের এ প্রশ্নে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, "আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি। এখন দেখা যাক, কী হয়।" ট্রাইব্যুনালে জামিনের আবেদনের বিরোধিতা করে প্রসিকিউশন বিভাগ বলেছিলো, তাকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ মো. আব্দুল আলীমকে গ্রেপ্তারে আদেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশের পর ওই দিনই জয়পুরহাটে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলীমকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার কাশিমপুর থেকে তাকে পুরনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার আদেশ দিলেও আলীমকে গাজীপুর কাশিমপুর কারাগারে নেওয়ায় উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল। এজন্য প্রধান প্রসিকিউটারকে তিরস্কারও করা হয়। যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২১ ঘ.