মাদারীপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর শহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নৌপরিহনমন্ত্রী শাজাহান খানের বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
বাইরে সংঘর্ষ হলেও কলেজে ছাত্র সংসদের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার কলেজ ছাত্র সংসদের নির্বাচন ছিলো। নির্বাচনে ছাত্রলীগের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যদিকে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের ছিলো একটি করে প্যানেল।
নৌমন্ত্রী শাজাহানের খানের অনুসারী আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগের একটি প্যানেলকে সমর্থন দিয়ে আসছিলো। অন্য প্যানেল সমর্থন পায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের। এ দুই নেতার দ্বন্দ্বের কারণে গত পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে নৌমন্ত্রীর বাসভবনের সামনে ছাত্রলীগের দুই পক্ষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও তাতে জড়িয়ে পড়েন।
দুই ঘণ্টা ধরে সংঘাত চলার সময় দুটি মটর সাইকেলে আগুন দেওয়া হয়। আর এ সময়টাতে পুলিশ নির্বিকার ছিলো বলে স্থানীয়দের অভিযোগ।
সংঘর্ষের চিত্র ধারণের সময় মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাসকে বেধড়ক কুপিয়ে গুরুতর আহত করা হয়। বিলাসের মটর সাইকেল ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। লাঞ্ছিত হন অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম।
সংঘর্ষ থামানো হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে এসপি তমিজ সাংবাদিকদের জানান। তিনি একইসঙ্গে বলেন, অতিরিক্ত পুলিশ সুপারকে লাঞ্ছিত করার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষে আহত মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুবলীগ নেতা এনায়েত হোসেন, নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি মাসুদ পারভেজসহ ৩০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ হলেও কলেজ ক্যাম্পাসের ভেতরের পরিবেশ শান্তিপূর্ণ ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24