মাদারীপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে শহরে চালপট্টির বেশ কয়েকটি দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে খোলা বাজারে বিক্রি (ওএমএস) এবং ভিজিডি'র জন্য বিতরণ করা সরকারি চাল।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ছাপযুক্ত বস্তা এসব দোকানে সাজিয়ে রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে স্থানীয়ভাবে 'ত্রাণের চাল' নামে পরিচিত এসব চাল।
মাদারীপুর শহরের শহীদ মানিক সড়কের বাসিন্দা রঞ্জন কুমার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাই, চালের দোকানে গিয়া কম দামের চাল চাইতেই দোকানদার বললো, চাউল আছে ত্রাণের চাউল, ৫০ কেজির এক বস্তা চাউল কিনলে ৩৮ টাকা করে কেজি পড়বো। চালটা একটু ভালো মানের হওয়ায় ৫০ কেজির এক বস্তা চাল কিনে নিয়া আসছি।"
স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রঞ্জন কুমার আরো বলেন, "বাজারে চাল অগ্নিমূল্য হওয়ায় একটু কম দামে ভালো মানের ত্রাণের চাল কিনেছি পরিবারের জন্য।"
একই ধরনের কথা বলেন, শহরের বাদামতলা এলাকার হোটেল ব্যবসায়ী সুমন মণ্ডল, লঞ্চঘাট এলাকার ভাস্কর দাস ও পাঁচখোলা গ্রামের ইকবাল হোসেন।
বুধবার সকালে মাদারীপুর শহরে চালপট্টি এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, শতাধিক চালের দোকানের মধ্যে কমপক্ষে ২০টি দোকানে অন্যান্য চালের পাশাপাশি সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ছাপমারা বস্তায় সাজানো রয়েছে 'ত্রাণের চাল'।
একজন চাল ব্যবসায়ী নাম প্রকাশ না শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবচেয়ে কম দামী চাল একটু মোটা ধরনের যার ৫০ কেজির প্রতি বস্তার দাম হবে ১ হাজার ৭শ' টাকা। এছাড়া ত্রাণের চাল আছে, পাকিস্তানের চাল। কিছুটা সরু। প্রতি ৫০ কেজির বস্তার দাম পড়বে ১ হাজার ৯শ' টাকা।"
'ত্রাণের চাল' কোথা থেকে সংগ্রহ করা জানতে চাইলে তিনি বলেন, "সবাই বিক্রি করছে। আমিও করছি। এ চালটা মূলত ওএমএস চালের ডিলারদের মাধ্যমে বাজারে আসে। তাদের কাছ থেকেই সংগ্রহ করে বিক্রি করছি।"
ওএমএস'র ডিলার ব্যবসায়ীরা কোথা থেকে কীভাবে আনে সেটা তিনি জানেন না বা তার জানার প্রয়োজনও নেই বলে মন্তব্য করেন তিনি।
মাদারীপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সোলায়মান খান বলেন, "এ মাসে খাদ্য অধিদপ্তর থেকে কোনো ধরনের টেস্ট রিলিফ (টিআর) দেওয়া হয়নি। খোলা বাজারে ডিলারদের মাধ্যমে গরীব মানুষদের বিতরণের জন্য কম মূল্যে ২৪ টাকা দরে ওএমএস চাল এবং গ্রামের হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের কাছে ভিজিডি'র চাল দেওয়া হয়েছে। কিন্তু কোথাও কোনো ত্রাণের চাল দেওয়া হয়নি।"
'ত্রাণের চাল' পাইকারী বাজারের দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে- এ ব্যাপারে জানতে চাইলে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। উল্টো এ প্রশ্ন শুনে কিছুটা বিশ্ময় ও সেই সঙ্গে কিছুটা ভনিতার চেষ্টা পরিষ্কার হয়ে ওঠে তার বাচনভঙ্গিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬৪৪ ঘ.
bdnews24