ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে, যাতে রাষ্ট্রদ্রোহের অভিযোগও করা হয়েছে। এ মামলায় তাকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে হবে।
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার আদালতে এ মামলা করেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান।
মুখ্য মহানগর হাকিমের আদালতে করা এ মামলায় আমিনী ছাড়াও আসামি করা হয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেলকে।
আরজিতে বলা হয়েছে, নারী নীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আমিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের কথা বলেছেন, যা রাষ্ট্রদ্রোহমূলক।
মহানগর হাকিম হারুন অর রশিদ অভিযোগ আমলে নিয়ে দুই বিবাদিকে আগামী ২৬ এপ্রিল হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন।
গত ২১ মার্চ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ছাত্র মোর্চা আয়েজিত একটি আলোচনা সভায় অংশ নেন আমিনী।
'সঙ্কটে ইসলাম ও ছাত্র সমাজের ভূমিকা' শীর্ষক ওই সভায় আমিনী 'শেখ হাসিনাশূন্য হবে দেশ' এ হুমকি দেন বলে অভিযোগ করা হয় মামলায়।
মামলায় তিন সাংবাদিক ও তিনজন আইনজীবীকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১২৫ ঘ.
bdnews24