ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু আইন প্রয়োগ করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তার মতে, এক্ষেত্রে পুরুষের সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে এক কর্মশালায় মন্ত্রী একথা বলেন।
ইউএনএফপিএ সহায়তা প্রকল্পের আওতায় প্রজনন স্বাস্থ্য, প্রজনন অধিকার, নারী নির্যাতন ও এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন যেহেতু একটি সামাজিক সমস্যা, তাই সামাজিক ভাবেই এর সমাধান করতে হবে।"
নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে সাহারা বলেন, আমাদের দেশে ১৪ শতাংশ মায়ের মৃত্যু হয় গর্ভকালীন সময়ে সহিংসতায়। ৫০ শতাংশ নারী প্রাণ হারায় দাম্পত্য কলহ, যৌতুক, পরকীয়া প্রেমের কারণে। ৪৯ নারী স্বীকার করেছেন তারা জীবনে কোনো না কোনো ভাবে পুরুষের দ্বারা নির্যাতিত হয়েছেন।
কর্মশালায় জানানো হয়, ইউএনএফপিএ সহায়তায় সক্ষমতা তৈরি প্রকল্পের আওতায় যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ১০টি থানা ও উপজেলায় কমিউনিটি পুলিশিং জোরদার করে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় বাংলাদেশের সব থানায় একটি করে 'উইমেন হেলপ ডেস্ক' স্থাপন করা জরুরি বলে মনে করেন সাহারা।
তিনি বলেন, "উইমেন হেল্প ডেস্ক করা সম্ভব হলে সাহায্য প্রার্থী নারীরা অকপটে তাদের সমস্যার কথা বলতে পারবেন এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে করা সম্ভব হবে।"
এক্ষেত্রে দাতা সংস্থা ইউএনএফপিএ'র সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, ইউএনএফপিএ'র সহকারী প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএন/এএল/১৯১৭ ঘ.
bdnews24