ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর সূচকের উঠানামার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। ঢাকায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দিনের শুরুতেই সাধারণ সূচক ৬০ পয়েন্ট বেড়ে যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ অবশ্য ২০ পয়েন্ট কমে যায়।
কিন্তু এর এক ঘণ্টার মধ্যেই পুনরায় যোগ হয় ১০০ পয়েন্ট। এরপর এরকম ওঠানামার মধ্য দিয়ে বাজার এগিয়েছে।
দিনশেষে সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৪৯ পয়েন্ট।
এদিন লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ৭৫টির। অপরিবর্তিত রয়েছে ৬টির।
ডিএসইতে মোট লেনদেন হয়েেেছ ৫ কোটি ৪৯ লাখ ২১ হাজার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যার বাজারমূল্য ৭৪৯ কোটি টাকা। মঙ্গলবারের তুলনায় এদিন প্রায় ২০০ কোটি টাকা কম লেনদেন হয়েছে।
ঢাকার মতোই ঊর্ধ্বগতি দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে দিনশেষে সিএসই বাছাই সূচকে ২৭ পয়েন্ট যোগ হয়ে দাঁড়িয়েছে ১১২৮৭ পয়েন্ট। অন্যদিকে সিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে ৪৪ পয়েন্ট। দিনশেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৭৪৯৫ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬০০ ঘ.
bdnews24