লক্ষ্মীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয় আরো একজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোররাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল বাশার মিস্ত্রী (৪৫)। আহত হয়েছেন তার ছেলে রিয়াজ হোসেন (২২)।
রিয়াজকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চরজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী মমিন উল্লাহর সমর্থকরা ভোটারদের টাকা বিলি করছিলো। এ সময় আরেক প্রার্থী মো. সিরাজের সমর্থকরা তাদের বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের এক পর্যায়ে মমিন সমর্থকদের একজন টর্চ লাইট দিয়ে সিরাজ সমর্থক বাশারের মাথায় আঘাত তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সাজ্জাদ।
পুলিশ বুধবার সকালে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে কমলনগর থানায় একটি মামলা দায়ের করে।
বিরোধে জড়িয়ে পড়া ইউপি সদস্য প্রার্থী সিরাজ উদ্দিন ও মমিন উল্যা আপন ভায়রা।
সিরাজ সাংবাদিকদের বলেন, "মমিন উল্যার লোকজন টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করেছে, যা অবৈধ। আমার লোকজন বাধা দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।"
মমিন উল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।
নিহতের ছেলে রিয়াজ বুধবার সকালে হাসপাতালে সাংবাদিকদের বলেন, "অন্যায় কাজে বাধা দেয়ায় ইউপি সদস্য প্রার্থী মমিন উল্যার সমর্থকরা আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।"
তিনি, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
"বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের একজনের টর্চ লাইটের আঘাতে বাশার নিহত হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।"
তিনি বলেন, এ ঘটনা যেন নির্বাচনে নিরাপত্তার হুমকি না হয়, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে।
২ এপ্রিল হাজিরহাট ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24