গোপালগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মানিকদহ গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দুই ঘণ্টা সংঘর্ষ চলে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় উভয়পক্ষের পাঁচটি বাড়ি ভাংচুর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত ১৫ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রেখা বেগম (৩৫), আশিক মোল্লা (১২), বরকত মোল্লা (৪৫), ওহিদ মিয়া (৪৫), তোতা মিয়া (৩০), টিটু মিয়া (২৮), মফিজ মিয়া (২০), সেফায়েত মিয়া (৫৩), বাসু মিয়া (৫০), আমানত মিয়া (৫৫), জাফর মোল্লা (২৭), নিজাম মোল্লা (৩৫) মো. বাবর মোল্লা (২০), খোকন মোল্লা (২২) ও ইমরুল মোল্লা (১৮)।
এছাড়া গোপালগঞ্জ সদর থানার ওসি (প্রশাসন) মো. বোরহান উদ্দিন, ওসি (তদন্ত) কাজী মতিয়ার রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল মোল্লা (২২) ও এলান মিয়া (২৫)। এছাড়া সংঘর্ষ চলাকালে রামদা ও গাঁজাসহ আটক শেখ মো. আব্দুল্লাহকে (২৬) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহাদত খোন্দকার।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর হোসেন কালু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে মানিকদহ গ্রামের মিয়াবাড়ির আল আমিন মিয়া ও মোল্লাবাড়ির হাসিবুর মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে হাসিবের আত্মীয় মিয়াবাড়ির তামিমকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় মোল্লা বাড়ির লোকজন মিয়াবাড়ির মাহাবুব মিয়াকে পেটায়। রাতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন এলাকার পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬০৫ ঘ.
bdnews24