২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারের নয়াহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং সুনামগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নয়াহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং সুনামগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। সাভারের আশুলিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন এবং চাঁপাইনবাবগঞ্জে বাস উল্টে অপর একজন নিহত হয়েছেন। সুনামগঞ্জের মল্লিকপুরে বাস চাপা পড়ে নিহত হয়েছেন আরেকজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- সাভার: আশুলিয়ার নয়াহাটে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ জানান, আহতদের গণস্বাস্থ্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কের পিটিআই মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে আশাদুজ্জাহান আশা (২২) নামে এক স্কুল শিক্ষিকা ঘটনাস্থলে নিহত হয়েছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, আশা শহরের বেলেপুকুর মহল্লার সেলিমুর রহমানের স্ত্রী। তিনি ভোলাহাট উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় আহত শাহীবাগ মহল্লার আকতারুন্নেসাকে (৪৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মল্লিকপুরে রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি বাসের চাপায় একজন নিহত হয়েছেন। নিহত মনোরঞ্জন মালাকার (৩০) জেলার ধর্মপাশা উপজেলায় জয়শ্রী ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি মনোরঞ্জনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে জন্য পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কিউএইচ/আরএ/১৫৫৬ ঘ.