ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগে আবু সাজিদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর ২টার দিকে পুরান ঢাকার দীননাথ সেন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্ত্রী ময়না বেগমকে (২৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌতুকের টাকার জন্যই সাজিদ তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে।"
ময়না বেগমের ছোট ভাই রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে দীননাথ সেন রোডে আপার বাসায় গিয়ে দেখি উনি টয়লেটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার স্বামীও তখন সেখানে ছিলেন।"
রাজু সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ এসে সাজিদকে গ্রেপ্তার ও ময়নাকে উদ্ধার করে।
রাজু জানান, তার ছোটো বোন লবনীও ওই সময় বোনোর বাসায় অবস্থান করছিলো। কিন্তু তাকে অন্য একটি ঘরে আটকে রেখে ময়নাকে হত্যার চেষ্টা করে সাজিদ।
ময়নাকে যৌতুকের জন্য হত্যার চেষ্টা করা হয়েছে কি না জানতে চাইলে রাজু জানান, শেরপুরের পাকুরিয়ায় গ্রামের বাড়িতে তাদের কিছু জমি আছে। সাজিদ নিজের অ্যালুমিনিয়ামের ব্যবসার জন্য ওই জমি বিক্রি করতে ময়নাকে চাপ দিচ্ছিল।
এ ঘটনায় ময়নার বাবা তসলিম উদ্দিন একটি মামলা করবেন বলে রাজু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৪০ ঘ.
bdnews24