জামালপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যার অভিযোগে জামালপুরের একটি আদালতে আল বদর বাহিনীর ১২ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার জেলার 'ক' অঞ্চলের আমলি আদালতে মামলাটি করেন মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মবেত আলী। বিচারক জাহাঙ্গীর আলম অভিযোগ গ্রহণ করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে।
বাদি পক্ষের আইনজীবী ফজলুল হক সাংবাদিকদের জানান, ১৯৭১ সালের ২ অক্টোবর সকাল ১০টায় মবেত আলী, তার বাবা সোবাহান শেখ, বড় ভাই ছবেদ আলী এবং আরো ৪ জন মেলান্দহের কাজাইকাটা ঘাট থেকে তামাক পাতা নিয়ে নৌকায় করে ইসলামপুর বাজারে যাওয়ার পথে আমরীতলা ঘাটে দুরমুঠ এলাকার সিরাজুল হক দুদু ও জাঙ্গালিয়া এলাকার নুরুল ইসলাম মন্ডল পেক্কুর নেতৃত্বে আল বদর বাহিনীর ১২ সদস্য তাদের আটক করে।
অভিযুক্তরা মবেত আলীকে হাত-পা বেঁেধ ফেলে রাখে এবং মবেত আলীর বাবা-ভাইসহ ৬ জনকে গুলি চালিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়।
আইনজীবী জানান, অভিযুক্তরা ১৯৭১ সালে এলাকায় ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও স্বাধীনতাবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন।
অভিযুক্তরা হলেন- মেলান্দহ উপজেলার দুরমুঠের সিরাজুল হক দুদু (৬০), জাঙ্গালিয়া গ্রামের নুরুল ইসলাম মন্ডল পেক্কু (৬০), কুলিয়া গ্রামের আব্দুল কদ্দুস মন্ডল (৭০), ঢালির ভিটা গ্রামের আব্দুস ছাত্তার (৭০), রমার পাড়া গ্রামের শাহজাহান (৬৫), ফুলকোচা গ্রামের সামছুদ্দিন মাস্টার (৬০), নাগের পাড়া গ্রামের বাবর আলী (৬২), ফুলছেন্না গ্রামের হারুন অর রশীদ (৬৫) ও নওশের আলী (৬০), বানিরুবাড়ি গ্রামের আবু তাহের আলী (৬৫), ছবিলাপুর গ্রামের মো. কাফি (৬৫) এবং ইসলামপুর গ্রামের নজরুল ইসলাম (৬৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24