২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার জোয়ারে রবিশস্য ক্ষেত প্লাবিত

পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে শনিবার ভোলার নিম্নাঞ্চল ও বেড়ি বাঁধের বাইরের এলাকাগুলো তিন থেকে চারফুট উচ্চতায় প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ভোলা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে শনিবার ভোলার নিম্নাঞ্চল ও বেড়ি বাঁধের বাইরের এলাকাগুলো তিন থেকে চারফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। রোববার বিকাল পর্যন্ত সাতটি উপজেলার বেশিরভাগ নিুাঞ্চল প্লাবিত হয়। এরপর পানি কমতে শুরু করে। এতে কয়েকশ' হেক্টর জমির রবিশষ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক দফা প্লাবিত হলে ক্ষতি আরো বেশি হবে বলে কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা জানিয়েছে। স্থানীয় কৃষকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় জোয়ারে মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীর পানি বেড়ে সদর উপজেলার ইলিশা, চর আনন্দ, মাঝের চর, গনেশপুর, মদনপুরা, বঙ্গের চর, নেয়ামতপুর, কাচিয়ার চর, গাজিপুরার চর, চর শীতারামসহ সাত উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ওইসব অঞ্চলের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ইলিশা ইউনিয়নের তরমুজ চাষী মো. আলমগীর বলেন, তিনি তিন একর জমিতে তরমুজ চাষ করেছেন। জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত তলিয়ে তার ব্যাপক ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের কৃষক মো. কালাম বলেন, তার ১০ একর জমিতে রেখা, খিরা ও তরমুজ ক্ষেতের পুরোটাই নষ্ট হয়ে গেছে। চর আনন্দ এলাকার কৃষক আ. মালেক বলেন, তার পুরো তরমুজ ক্ষেতই জোয়ারের পানিতে ডুবে গেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ভোলা সদরে ৭৭৫ হেক্টর জমিতে শাকসবজি, ১২শ' ১৪ হেক্টরে মরিচ, ৬২৫ হেক্টরে করলা ও ৫০ হেক্টরে ফুট-তরমুজ আবাদ হয়েছে। ফসলও খুব ভালো হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম বলেন, জোয়ারের চাপে কিছু কিছু এলাকা তলিয়ে যাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। ফের জোয়ারের পানি ঢুকলে ক্ষতির আরো ব্যাপক হবে। এখন পানি নেমে যাচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৯ ঘ.