২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণের মামলায় এসআইকে তলব

ঘুষ গ্রহণের মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসানকে ১৩ এপ্রিল তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসানকে ১৩ এপ্রিল তলব করেছে আদালত। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। গত ৩ মার্চ রাকিবুলের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অভিযোগপত্রে বলা হয়, মিরপুর থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন রাকিবুল। তদন্তকালে তিনি মামলার বাদি ফেরদৌস আরার কাছে আসামি ধরার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। ফেরদৌস আরা বিষয়টি লিখিতভাবে জানায়। গত বছরের ৯ ডিসেম্বর মিরপুর হার্ট ফাউন্ডেশনের নিচ তলায় ঘুষ গ্রহণের সময় রাকিবুলকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করতে গেলে তৎকালীন ওসি তা না নিয়ে রাকিবুলকে ছেড়ে দেন। পরে দুদকের সহকারী পরিচালক আনোয়ারুল হক বাদি হয়ে রাকিবুলের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে গত বছরের ১৯ ডিসেম্বর একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮১৯ ঘ.