নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কাপড়ে রং ও ছাপ দেওয়ার একটি কারখানায় আগুন লেগে বিপুল পরিমাণ শাড়ি ও আসবাবপত্র পুড়ে গেছে।
সদর উপজেলার ফতুল্লায় কাঠেরপুল এলাকায় ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং নামের ওই কারখানায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।
কারখানার শ্রমিক, এলাকাবাসী ও দমকল বাহিনীর কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সব মালামাল।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং কারখানার মালিক নাজিম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাপড় ও আসবাবপত্রসহ কমপক্ষে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।"
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫০ ঘ.
bdnews24