বরিশাল, ১০ মার্চ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নিহত মোহন কামাল ওরফে শাহীনকে বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
শাহীনের (২৭ ) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামে।
৫ মার্চ লিবিয়া থেকে ১৩০০ বাংলাদেশি শ্রমিক নিয়ে একটি জাহাজ গ্রিসের ক্রিট দ্বীপের হানিয়া বন্দরে পৌঁছলে ৪৭ জন বাংলাদেশি পানিতে ঝাঁপিয়ে পড়ে । এদের মধ্যে শাহীনসহ তিনজন পানিতে ডুবে মারা যান।
বুধবার রাতে সরকারি উদ্যোগে শাহীনের লাশ দেশে আনা হয়। রাতেই ঢাকায় মরদেহ গ্রহণ করেন তার ভগ্নিপতি লুৎফর রহমান।
লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে সড়কপথে শাহীনের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
দু'বছর আগে শাহীন লিবিয়ায় পাড়ি জমান বলে লুৎফর রহমান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীনের মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। গ্রামে নেমে আসে শোকের ছায়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24