২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া: ৫ আলেমের মত শুনবে আদালত

ফতোয়ার বিষয়ে আলেমদের মতামত শুনবে সর্বোচ্চ আদালত। এ জন্য পাঁচ জন আলেমের নাম জমা দিতে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়ার বিষয়ে আলেমদের মতামত শুনবে সর্বোচ্চ আদালত। এ জন্য পাঁচ জন আলেমের নাম জমা দিতে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই পাঁচ আলেম আগামী ২১ মার্চের মধ্যে লিখিত বা ২১ মার্চ আদালতে গিয়ে বক্তব্য দিতে পারবেন। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির পঞ্চম দিনে বৃহস্পতিবার আলেমদের মতামত নেওয়ার বিষয়টি জানায় আদালত। আগামী ২১ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানিতে রিট আবেদনকারী মাওলানা আবুল কালাম আজাদের আইনজীবী আব্দুর রাজ্জাক ও সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য রাখেন। রাজ্জাক বলেন, ইসলামী বিশেষজ্ঞগণ এ বিষয়ে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামী দণ্ডবিধি প্রযোজ্য নয়। এর জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র। এ সময় আদালত বলেন, হজরত ওমর বিশেষ পরিস্থিতিতে ইসলামী দণ্ডবিধি প্রয়োগ স্থগিত রেখেছিলেন। যুক্তরাষ্ট্র ও ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করে রাজ্জাক বলেন, বাংলাদেশ সংবিধানের ৩৯ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ইসলামী বিশেষজ্ঞগণ ফতোয়া দিতে পারেন। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র ও ভারতের মতো নয়। তিনি আরো বলেন, কেউ ব্যক্তিগতভাবে আলেমদের নিকট নিজের জন্য মতামত চাইতে পারেন। তবে সমাজ প্রভাবিত হয় এমন ফতোয়া দেওয়া যাবে না। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। গত ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়। গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরিয়া) হিসাবে টিএইচ খান, রফিক উল হক, রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এবিএম নুরুল ইসলাম, এএফ হাসান আরিফ, রাবেয়া ভূঁইয়া এবং এমআই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়। ফতোয়া নিয়ে হাইকোর্টের আরো একটি রায় রয়েছে। গত বছরের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া অন্য এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪০ ঘ.