২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কারখানায় আগুন, নিহত ৮

ঢাকার কদমতলীর একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছে আট জন শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 03:01 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কদমতলীর একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছে আট জন শ্রমিক। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় শ্যামপুর শিল্পাঞ্চলের সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রেস লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে। দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কদমতলী থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের চতুর্থ তলার ওপর নির্মিত টিনের ছাউনী দেওয়া অংশে আগুন ধরে। সেখানে শ্রমিকরা ঘুমোচ্ছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর ধারণা। অগ্নিদগ্ধ আট জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শফিকুল জানান। আগুনের সময় ওই শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানান তিনি। নিহতরা হলেন- চুয়াডাঙ্গার কুলচড়া গ্রামের মোহাম্মদ চয়ন (২৫), একই এলাকার যমজ দুই ভাই মোহাম্মদ হাবিল (২৫) ও মোহাম্মদ কাবিল (২৫), একই এলাকার আসমাউল (১৭), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার হাজিপুর এলাকার আব্দুল আজিজ (২২), চাঁদপুরের খানবাড়ি এলাকার কবির হোসেন (২০), কিশোরগঞ্জের হোসেনপুরের ফলাহার এলাকার মোহাম্মদ নয়ন (১৫) এবং শরীয়তপুরের পালং এলাকার আলমাস (২০)। লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে। কয়েকটি লাশ তাদের স্বজনরা সনাক্ত করেন। অন্যদের পরিচয় কারখানা মালিক মিজানুর রহমান নিশ্চিত করেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে হাবিল ও কাবিল কারখানা মালিক মিজানুরের চাচাতো ভাই এবং আসমাউল ভাগ্নে। মোহাম্মদ রিপন নামে কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ছাদের ওপর টিনের ছাউনী দেওয়া ঘরে শ্রমিকরা থাকতো। বুধবার রাতে আট জন শ্রমিকই সেখানে ঘুমাচ্ছিলেন। আগুনে সবারই মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১১০০ ঘ.