২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি আর পাথরের সড়ক

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরে ইট-বালু-বিটুমিন ছাড়াই দীর্ঘস্থায়ী একটি সড়ক নির্মাণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

গাজীপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরে ইট-বালু-বিটুমিন ছাড়াই দীর্ঘস্থায়ী একটি সড়ক নির্মাণ করা হয়েছে। মালয়েশিয়ার নেক্সট বেজ রোড সিস্টেমে মাটি, পানি, পাথর আর রাসায়নিক পদার্থ দিয়ে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এ ধরনের সড়ক। গাজীপুরে কালীগঞ্জে এই প্রযুক্তিতে নির্মিত জাঙ্গালিয়া-দুবুরিয়া সড়কটি বুধবার দুপুরে উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে সড়কটি উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালীগঞ্জে দুবুরিয়ায় মাটির রাস্তার ২.০০৭ কিলোমিটার পরীক্ষামূলকভাবে ইট, বালু ও বিটুমিন ছাড়া নেক্সট বেজ সিস্টেমে পাকা করা হয়েছে। এলজিইডি এটি বাস্তবায়ন করেছে। মালয়েশিয়ার প্রযুক্তি নির্ভর এ সড়ক দেখতে অবিকল পিচ-ঢালা সড়কের মতোই। তবে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক যে প্রযুক্তিতে নির্মিত হয় তার চেয়ে এ প্রযুক্তিতে নির্মাণ খরচ প্রায় অর্ধেক এবং রক্ষণাবেক্ষণও সহজ। এ প্রযুক্তিতে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হয়। এ প্রযুক্তিতে মাটির সড়কের উপরের অংশ প্রথমে রোলার দিয়ে কমপ্যাক্ট/সাব-গ্রেড করা হয়। এর উপর ৬ ইঞ্চি উচ্চতায় মাটি ফেলে তা ট্রাক্টর দিয়ে চষে ভালভাবে আলগা করা হয়। এর পর 'এনবিএক্স সয়েল স্ট্যাবিলাইজার' নামের রাসায়নিক পদার্থ প্রতি ঘনমিটার মাটির সঙ্গে দশমিক ৩৫ লিটার নির্দিষ্ট পরিমাণে পানির মিশ্রন ও আলগা মাটিতে পাম্প দিয়ে ছিটিয়ে আবার ট্রাক্টর দিয়ে চষে ভালোভাবে মেশানো হয়। এতে ওই মাটির ছয় ইঞ্চির স্তর ধীরে ধীরে শক্ত হয়। এই রাসায়নিক পদার্থটি পরিবেশ বান্ধব, অক্ষয়, সহজে দাহ্য নয় এবং এর কোন ক্ষতিকারক প্রভাবও নেই। পরে এ শক্ত স্তরের উপর 'এনবি ৮৮ সিলান' নামের রাসায়নিক তরল পদার্থ ছিটিয়ে তার উপর দু'দফায় মোট ৭ মিমি উচ্চতায় পাথর টুকরো বসিয়ে শেষবারের মতো রোলার দিয়ে মসৃন করা হয়। 'এনবি ৮৮ সিলান' হচ্ছে পানি নির্ভর তরল পদার্থ যা ফাটল জোড়া লাগায়। এছাড়াও এটি ধুলা ও ক্ষয় নিয়ন্ত্রণ করে এবং রাস্তার রক্ষণাবেক্ষণে সহায়তা করে। প্রকল্পে কর্মরত ইন্দোনেশিয় বংশোদ্ভূত মালেয়েশিয়ার প্রকৌশলী আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক নির্মাণের ক্ষেত্রে এ প্রযুক্তি খুবই সহজ। তুলনামূলক কম লোকবল ও উপকারণ লাগায় নির্মাণ খরচ অর্ধেকেরও কম হয়। এ প্রযুক্তিতে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণ করতে মাত্র সাত দিন সময় লাগে যা এদেশের বর্তমান প্রযুক্তির তুলনায় প্রায় ৯০ ভাগ সময় সাশ্রয়ী। তিনি আরো জানান, এ ছাড়াও সড়কের স্থায়ীত্ব ও ধারণ ক্ষমতা অনেক বেশী। সহজ প্রযুক্তির কারণে অতি সহজেই সড়ক মেরামত করা সম্ভব। পরিবেশবান্ধব এ প্রযুক্তি বাংলাদেশের মাটি ও আবহাওয়ার জন্য উপযোগী। তিনি বলেন, "কার্পেটিং করা পুরাতন সড়কের উপর এ প্রযুক্তিতে সড়ক নির্মাণ করা হলে তার স্থায়ীত্বকাল প্রায় ২৫ বছর হবে। তবে এজন্য প্রয়োজন দক্ষ লোকবল ও প্রয়োজনীয় উপকরণ।" গাজীপুর এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সড়কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে এক কোটি এক লাখ ২৬ হাজার ৯শ' ৮৯ টাকা ৪৪ পয়সা।" তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও একই প্রযুক্তিতে সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৩ ঘ.