জয়পুরহাট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে হিচমী-মাত্রাই সড়কের মিটনা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম সদর উপজেলার মিটনা গ্রামের বাসিন্দা।
ক্ষেতলাল থানার ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী রফিকুল মোটর সাইকেলে করে হোপের হাট যাওয়ার সময় ছিনতাইকারীরা দড়ি দিয়ে পথ রোধ করে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
ছিনতাইকারীরা রফিকুলের কাছে থাকা ৪০ হাজার টাকা ও মোটর সাইকেলটি নিয়ে যায় বলে জানান ওসি।
পুলিশ লাশ জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিটনা গ্রামের একাংশ সদর উপজেলায় এবং অপর অংশ ক্ষেতলাল উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪০ ঘ.
bdnews24