ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা নির্ধারণ নিয়ে রিট আবেদনে উচ্চ আদালতের আদেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন আরো তিন সপ্তাহ স্থগিত হয়েছে।
আগামী ১৩ মার্চ এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।
মঙ্গলবার সকালে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন শহরতলীর সুহিলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম।
সীমানা নিয়ে তিনি বাদী হয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বলে জানিয়েছেন।
এর আগে এ নির্বাচনের ধার্য তারিখ ছিল ১৮ জানুয়ারি। এর একদিন আগে গত ১৭ জানুয়ারি উচ্চ আদালত এই নির্বাচন তিন সপ্তাহ স্থগিত করেছিল।
নির্বাচন স্থগিতের জন্য একপক্ষ অপরপক্ষকে দায়ী করে সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুহিলপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারা বেগম পৌরসভা এবং সুহিলপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে রিট করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করে।
নির্বাচন স্থগিতের খবর পেয়ে আওয়ামী লীগ সমর্থীত মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিনের সমর্থকরা সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচন স্থগিতের খবর শোনেন তিনি।
এদিকে রাত ৮টায় জেলা বিএনপি নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১৩ মার্চ নির্ধারিত তারিখে নির্বাচন কারর দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের জেলা সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান মোল্লাসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রিট আবেদনকারী আনোয়ারা বেগম বলেন, সুহিলপুর ইউনিয়নের পাঁচশ' ফুট জায়গা পৌর এলাকার ভিতরে নিয়ে গেছে। এনিয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। আদালত সকাল ১১টায় তিন সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।
গত ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে পৌর এলাকার ভোটার জহিরুল হক ভূইয়ার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ১৭ জানুয়ারি নির্বাচন তিন সপ্তাহ স্থগিত করে। এরপর নির্বাচন কমিশন ১৩ মার্চ নতুন তারিখ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.
bdnews24