২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর ভরাট করে ভবন নির্মাণের দায়ে জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুর ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ভবনের মালিক প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:08 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুর ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ভবনের মালিক প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী ভবনটির মালিক প্রতিষ্ঠানকে অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে তলব করে এ দণ্ডাদেশ দেন। সেইসঙ্গে পুকুরটি ভরাটের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন এক দশমিক ৯৭ একর আয়তনের পুকুরটি গত ১০ মাস ধরে ভরাটের কাজ চলছিল। ভরাট করা পুকুরের জমিতে 'ডিএন প্লাজা' নামের একটি বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হয়। ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ পুকরটি ভরাটের কাজ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি বলে জানান মুনীর চৌধুরী। তিনি জানান, গত শুক্রবার সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় এ জরিমানা করা হয়। পাশাপাশি ডিএন প্লাজার মালিক প্রতিষ্ঠানের কাছ থেকে পুকুর ভরাট বন্ধ ও ভবনের নির্মাণ কাজ বন্ধের লিখিত অঙ্গীকার আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, নির্বিচারে পুকুর ভরাট করার কারণে জীববৈচিত্র্য ধবংস, মৎস্য সম্পদ বিনষ্ট, বৃষ্টির পানি ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি সর্বসাধারণের পানি ব্যবহারের অধিকারও ক্ষুন্ন হচ্ছে, যা শুধু পরিবেশ আইনের লংঘন নয়, মানবতা বিরোধী অপরাধও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১২৭ ঘ.